স্কটল্যান্ডের ওপর চড়াও হয়ে ম্যাচের শুরুতেই লিড পেয়েছিল মরক্কো। বদলে রেখে পুরো ম্যাচেই স্কটিশদের রক্ষণে হানা দিয়েছে আফ্রিকার দেশটি। যদিও আর কোনো গোল আদায় করতে পারেনি তারা। তবে রেকর্ড গড়া সেই লিড পুরো ম্যাচ ধরে রেখে এবারের বিশ্বকাপের প্রথম জয় তুলে নিল মরক্কো।
আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের জিলেট স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছিল মরক্কো আর স্কটল্যান্ড। দাপুটে ফুটবলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে মরক্কো।
ম্যাচ শুরুর বাঁশি বাজার পর বল জালে খুঁজে নিতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই স্কটল্যান্ডের জালে জড়ায় বল। ব্রাহিম দিয়াজের পাস থেকে ডান পায়ের দারুণ শটে গোলটি করেন ইসমাইল সাইবারি।
এই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপে একটি রেকর্ডও গড়েন তিনি। সাইবারির দ্বিতীয় মিনিটে করা এই গোলটি বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোল।
ম্যাচের বাকি সময়েও বল দখলে রেখে স্কটিশদের রক্ষণে হানা দিয়েছে মরক্কো। বেশ কয়েকবার গোলের জন্য শটও নিয়েছে তারা। তবে স্কটল্যান্ডের জমাট রক্ষণ আর ভাঙতে পারেনি।
বিপরীতে, ম্যাচের প্রায় পুরোটা সময় বল দখলের লড়াই আর মরক্কোর আক্রমণ সামলাতেই স্কটল্যান্ডকে। কয়েকবার প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করলেও সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মরক্কো। দুই ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের টেবিলের শীর্ষে মরক্কো। অন্যদিকে, হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল স্কটল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হার দেখল তারা। দুই ম্যাচে এক জয় আর এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড।