বাংলাদেশে সৌর বিদ্যুৎ প্রকল্পের গবেষণা, ডেটা বিশ্লেষণ ও কর্মক্ষমতা পর্যবেক্ষণের লক্ষ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ইডকলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরসেদ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমঝোতার মূল লক্ষ্য হলো ইডকল-এর কারিগরি মনিটরিং অবকাঠামো ও গবেষণাগারের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একাডেমিক গবেষণার সমন্বয় করা। এর মাধ্যমে দেশের সৌর বিদ্যুৎ কেন্দ্র ও রুফটপ সোলার সিস্টেমের প্রযুক্তিগত মূল্যায়ন এবং নির্ভরযোগ্যতা বিশ্লেষণ আরও জোরদার হবে।
এই অংশীদারিত্বের আওতায় গবেষক, শিক্ষার্থী ও শিল্প খাতের পেশাজীবীদের দক্ষতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এই যৌথ উদ্যোগ থেকে প্রাপ্ত বাস্তব তথ্য ও গবেষণা বাংলাদেশের সৌর শক্তি খাতে সঠিক বিনিয়োগ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএন/পিডিকে