সৌদির আরামকোর তেল স্থাপনায় হামলার হুমকি হুথিদের

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল জায়ান্ট ‘আরামকো’র তেল ও গ্যাস অবকাঠামোকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি।

একই সঙ্গে গোষ্ঠীটি আরামকোর তেল স্থাপনাগুলোর আশপাশে অবস্থানরত সকল কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ নাগরিকদের অনতিবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। তিনি জানান, আরামকো সংশ্লিষ্ট যেকোনো সুযোগ-সুবিধা ও স্থাপনা তাদের সামরিক আক্রমণের পরিধির মধ্যে রয়েছে। সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশে বসবাসকারী সাধারণ মানুষের জানমালের সুরক্ষার্থে তাদের অবিলম্বে ওই এলাকাগুলো খালি করার আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে ইয়াহিয়া সারি আন্তর্জাতিক এভিয়েশন খাতের ওপর তাদের আরোপিত সতর্কবার্তার পুনরাবৃত্তি করেন। তিনি সৌদি আকাশসীমা ও বিমানবন্দরগুলো ব্যবহারকারী আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা, এয়ারলাইন্স, যাত্রী এবং গ্রাউন্ড স্টাফদের উদ্দেশে বলেন—রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ যেকোনো সৌদি বিমানবন্দর ও আকাশপথ ব্যবহার থেকে বিরত থাকতে। অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায় নিতে হবে।

উল্লেখ্য, রিয়াদের প্রধান বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই সৌদি আরবের মূল অর্থনৈতিক চালিকাশক্তি আরামকোকে সরাসরি লক্ষ্যবস্তু বানানোর এই ঘোষণায় উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *