দীর্ঘ ২০ বছর প্রবাসে কাটানোর পর অবশেষে দেশে ফিরে পরিবারকে সময় দেওয়ার কথা ছিল মো. রাসেল মিয়ার। স্ত্রী-সন্তানদের পছন্দের জিনিসপত্র কিনে মালামাল গোছানোও শেষ করেছিলেন। কিন্তু প্রিয়জনদের জন্য কেনা সেই উপহার নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। শেষ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবেই মারা গেছেন তিনি।
নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার প্রয়াত সুন্দর আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রাসেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম।
স্বজনরা জানান, সৌদি আরবের রিয়াদে চাকরি করা রাসেল সাত মাস আগে একবার দেশে এসেছিলেন। তবে স্ত্রী-সন্তানদের টানে এবার দ্রুতই আবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। গতকাল শনিবার (২২ আগস্ট) দুপুরে কেনাকাটা করা মালামাল গুছিয়ে লাগেজ বাঁধার সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। সহকর্মীরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।