সূর্যবংশীর বিধ্বংসী ফিফটিতে রাজস্থানের উড়ন্ত শুরু

বৈভব সূর্যবংশী উড়িয়ে মারছেন, ঘুরিয়ে মারছেন। ফিফটি তুলে নিয়েছেন- এসব খবর হয়তো এখন আর অবাক করে না। তরুণ এই বিস্ময়বালকের কাছে এগুলো নিত্য ব্যাপার। সোমবার (৩০ মার্চ) আরও একবার দৃশ্যায়ন করলেন নিয়মিত জিনিসেরই। ১৫ বলে ফিফটি, ১৭ বলে অপরাজিত ৫২ রান। সূর্যবংশীর ব্যাটে চড়ে এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসও পেয়েছে উড়ন্ত সূচনা।

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১২৭ রানে অলআউট হয় চেন্নাই। জবাবে ১২.১ ওভারে ২ উইকেটে ১২৮ রান করে রাজস্থান।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৬.২ ওভারে ৭৫ রান যোগ করেন যশস্বী জাইসওয়াল ও সূর্যবংশী। জুটি ভাঙেন আনসুল কাম্বোজ। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৫২ রান করেন সূর্যবংশী। তবে, অপরাজিত থাকেন জাইসওয়াল। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আগে ৩৬ বলে ৩৮ রান করেন তিনি।

আগে ব্যাটিংয়ে নামা চেন্নাইকে নিয়ন্ত্রণ করেন রবীন্দ্র জাদেজা-জোফরা আর্চাররা। তাদের মাপা বোলিংয়ে খোলস ছেড়ে বের হওয়ার সুযোগ পাননি চেন্নাইয়ের ব্যাটাররা। দলের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন লোয়ার অর্ডারে নামা জেমি ওভারটন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন কার্তিক শর্মা। চেন্নাইয়ের আটজন ব্যাটার ব্যর্থ হয়েছেন দুই অঙ্কের রান স্পর্শ করতে।

চেন্নাইয়ের পক্ষে ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন জাদেজা।৪ ওভারে ১৯ রানে আর্চারেরও শিকার ২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *