সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং অপরাধ নির্মূলে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।
আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
মতবিনিময়কালে ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, সুন্দরবন ও সাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে গত ১৮ মাসে ৮১টি আগ্নেয়াস্ত্রসহ করিম-শরিফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর ছাড়াও বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় অপহৃত ৭৮ জেলে ও তিন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৫৯৯ রাউন্ড তাজা গোলাবারুদসহ ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি হরিণ শিকারের ফাঁদসহ বিপুল অবৈধ সামগ্রী জব্দ এবং ২৯ শিকারিকে আটক করা হয়েছে বলেও জানান জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।
ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম আরও বলেন, দস্যুতা ও বন অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত এই দুটি অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে প্রশাসনের সব বাহিনীর কর্মকর্তারা সম্পৃক্ত রয়েছেন। আর শুধু কোস্ট গার্ডেরই ১৭ স্টেশন থেকে একযোগে এ অভিযান চালানো হচ্ছে।