সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জানীগাঁও এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিউলি রাণী (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। গতকাল সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি গেইটলক বাস জানীগাঁও এলাকায় পৌঁছালে চালক হঠাৎ হার্ডব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের প্রায় ২০-৩০ জন যাত্রী আটকা পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। শিউলী রাণী উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে আটকা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মী এসে বিশেষ যন্ত্রের সাহায্যে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্য যাত্রীরা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, একটি যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।