অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটে নতুন উচ্ছ্বাস ও রোমাঞ্চ নিয়ে শুরু হতে যাচ্ছে ‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল) সিজন-১’। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির জন্য দারুণ এক উচ্ছ্বাসের প্ল্যাটফর্ম হতে চলেছে।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে থাকা আতীকুর রহমান সজীব জানান, বাংলা হান্ড্রেড লিগ-এর মাধ্যমে প্রবাসী ক্রিকেটারদের পেশাদার পরিবেশে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি হবে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস এই টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।
টুর্নামেন্টে অংম নিবে দেশের ছয়টি ঐতিহ্যবাহী শহরের নামে গঠিত ছয়টি দল— ঢাকা পাওয়ার ব্লেজার্স, চট্টগ্রাম কিংস, ময়মনসিংহ জায়ান্টস, খুলনা ফাইটার্স, রংপুর রাইডার্স এবং কুমিল্লা সুপার স্টার্স।
প্রতিটি দলের পেছনে রয়েছে কমিউনিটির উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শক্ত সমর্থন। দলগুলোতে থাকছে আইকনিক প্লেয়ার, যারা মাঠে নেতৃত্বের পাশাপাশি অভিজ্ঞতার ছাপ রাখবেন।
আগামী ২৮ মার্চ সিডনির লাকেম্বা লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে লাইভ প্লেয়ার অকশন। এই নিলামের মাধ্যমেই দলগুলো তাদের চূড়ান্ত স্কোয়াড গড়ে তুলবে। দর্শকদের জন্য সুখবর হলো–প্রতিটি ম্যাচ এআর স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে ইউটিউব ও ফেসবুকে সরাসরি দেখা যাবে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে এই জমজমাট লিগ। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন প্রবাসী ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করবে।