সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তির দাবি

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করা হয়েছিল বলে দাবি করেছেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

রোববার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হলে শুনানিতে এ দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।পিপি ওমর ফারুক ফারুকী বলেন, অন্য একটি হত্যাচেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে আসামি রিজভী আহমেদ সালমান শাহ হত্যার বিষয়ে তথ্য দিয়েছেন। ওই স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি দাবি করেন, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, ওই পরিকল্পনা বাস্তবায়নে আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করা হয়েছিল।

তবে আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে দেওয়া আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরিফুর রহমান জানান, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে হেফাজতে নিয়ে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জামিনে মুক্তি পেলে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তার আবারও পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।

সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আশরাফুল হক ডন। রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মামলায় এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *