সাভারের সেই ‘প্রেশার কুকার বোম’ বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়

সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেসার কুকার পড়ে থাকার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিস্পোজাল ইউনিট।

বুধবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোমা ডিস্পোজাল ইউনিট। দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করেন তাঁরা। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায়। দূর থেকে আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘অনেক আগেই আমাদের ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। ৫০০ মিটারের বেশি দূর হবে। অনেকক্ষণ অপেক্ষার পর বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনি। আকাশে ধোঁয়া দেখি।’

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে ডিএমপির বোমা ডিস্পোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করেছেন।

এর আগে, ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেসার কুকার পড়ে থাকতে দেখা যায়। নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে স্থানটি ঘিরে রেখেছিল পুলিশ।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরিফসহ স্কচটেপে মোড়ানো একটি প্রেসার কুকার দেখতে পান। পরে স্থানীয়রা ড্রাম থেকে বোমাসদৃশ প্রেসার কুকারটি মসজিদের মাঠে রেখে দেন।

তিনি বলেন, পুলিশ সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেসার কুকার দেখতে পায়। প্রাথমিকভাবে এটি বোমা হতে পারে—এমন ধারণা থেকে ইতোমধ্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছে।

তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছেন, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *