সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যু

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মিজানুর রহমান সিনহা মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান সিনহা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন (টঙ্গিবাড়ী-লৌহজং) থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি ২০২০ সালের ২২ জানুয়ারি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে তিনি বিএনপির মনোনয়নও পান। তবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে মিজানুর রহমান সিনহার জন্ম। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এক্‌মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজের জন্য এলাকায় তিনি পরিচিত ছিলেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *