দুর্নীতির মামলায় সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ জ্যাকবের জামিন আবেদন করা হলে তা শুনানির জন্য আগামী ১৬ জুন নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৯ মে জ্যাকবকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো ও কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এস. এম. রাশেদুর রেজা। এ বিষয়ে আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করেন।
শুনানি উপলক্ষে আজ সাবেক উপমন্ত্রী জ্যাকবকে আদালতে হাজির করা হয়। এরপরে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হাফিজুর রহমান গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ এবং একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত বছরের ২৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক এস. এম রাশেদুর রেজা মামলা দায়ের করেন।
নথি থেকে জানা গেছে, ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং বিভিন্ন ব্যাংক হিসেবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ২০২৪ সালের ১ অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকে জ্যাকবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।