বাংলাদেশ দলকে অভিনন্দন ও আর্থিক পুরস্কারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘অবিশ্বাস্য একটি ম্যাচ আমরা দেখেছি। আমি প্রধানমন্ত্রী ও বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমাদের ক্রীড়া পরিবারের পক্ষ থেকেও অভিনন্দন। আমরা তাদের বরণ করে নেওয়ার অপেক্ষায় আছি। বিমানবন্দরে বর্ণাঢ্যভাবে বরণ করে নেওয়া হবে ছেলেদের।’
আমিনুল যোগ করেন, ‘আমাদের যুব ফুটবলাররা আজ যে অদম্য স্পৃহা ও নৈপুণ্য প্রদর্শন করেছে, তা পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের। ভারতকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের এক নতুন দিগন্ত উন্মোচন করলো। মাঠের এই লড়াকু মানসিকতা ভবিষ্যতে আমাদের আরও বড় সাফল্যের স্বপ্ন দেখায়।’
মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়।
এই নিয়ে টানা দ্বিতীয়বার সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ।