সাফ মিশনে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান
সাফের বয়সভিত্তিক আসরগুলোতে অন্যতম ফেভারিট থাকে বাংলাদেশ। এবারও এর ব্যতিক্রম নয়। সাত দলের টুর্নামেন্টে শুরু হয়েছে একদিন আগে। বাংলাদেশের মিশন শুরু আজ মঙ্গলবার (২৪ মার্চ)। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলার যুবাদের প্রতিপক্ষ পাকিস্তান। মালদ্বীপের মালেতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল পৌণম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত। কোচ মার্ক কক্সের শিষ্যরা তাই চাইবে পাকিস্তানের কাছ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিতে। টুর্নামেন্টে যাওয়ার আগে প্রস্তুতিও হয়েছে চমৎকার। সবমিলিয়ে জয়ের স্বপ্নই দেখছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের ফরোয়ার্ড মোরশেদ আলী প্রথম ম্যাচে নিয়ে আশাবাদী। দলের জন্য ইতিবাচক ব্যাপার, কোনো চোট নেই। শতভাগ ফিট একাদশ নিয়ে লড়াইয়ে নামতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা।
মোরশেদ বলেন, ‘দলে কোনও চোট নেই। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ম্যাচটা পাকিস্তানের সঙ্গে। সবার মধ্যে একটা জেদ কাজ করছে। অবশ্যই আমরা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ওপরও এখন চোখ রাখছেন ফুটবল ভক্তরা। যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান কেমন করেন সেই দিকে চোখ থাকবে ভক্তদের। পাশাপাশি ইংল্যান্ডপ্রবাসী ইব্রাহিম নেওয়াজও আছেন দারুণ ফর্মে। তাই অনূর্ধ্ব-২০ দল নিয়ে ফুটবলাঙ্গনে এই সময়ে একটু বেশিই আগ্রহ সবার।