সাঁকো থেকে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলায় সাঁকো পারাপারের সময় পা পিছলে খালে পড়ে নিখোঁজের প্রায় ৮ ঘণ্টা পর ইউনুস আহমেদ সুজন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকার মরা মুছার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজন চটকির সাঁকো এলাকার কামাল হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে মরা মুছার খালে পড়ে ডুবে যায় শিশু সুজন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে খবর দিলে লক্ষ্মীপুর ও কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়। রামগতি ডুবুরি দলের নেতা খোকন মজুমদার ও সহযোগী সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে আধঘণ্টারও বেশি সময় অভিযান চালিয়ে খালের ভেতরে থাকা বাঁশের ঝোঁপের মধ্য থেকে সুজনের মরদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর ফায়ার স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, নিখোঁজের প্রায় ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *