সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে ভ্রাম্যমাণ সলিড-ফুয়েল চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শুক্রবার (২৮ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের একটি মোবাইল লঞ্চার ইউনিটকে দুর্গম এলাকায় নিয়ে গিয়ে সেখান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের কুরা টেস্ট সাইটে গিয়ে পৌঁছায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে বনাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির কৌশলগত, কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করাই ছিল এই পরীক্ষার উদ্দেশ্য।

মন্ত্রণালয়ের দাবি, পরীক্ষার সব নির্ধারিত লক্ষ্য সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি ‘নিখুঁত গতিপথ’ বজায় রেখেছে।

তবে পরীক্ষায় ঠিক কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানায়নি রাশিয়া। এর আগে মে মাসের মাঝামাঝি ক্ষেপণাস্ত্র বাহিনীর মহড়ার অংশ হিসেবে প্লেসেৎস্ক থেকে কুরা পর্যন্ত আরএস-২৪ ইয়ার্স ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল বলে জানা যায়।

এদিকে, সর্বশেষ এই পরীক্ষা এমন সময়ে হলো, যখন এক সপ্তাহেরও কম সময় আগে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার একমাত্র সামরিক স্পেসপোর্ট প্লেসেৎস্কে হামলা চালিয়েছে বলে যাচাই না হওয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *