মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব সামাল দিতে ব্যয় সংকোচনের পথে এগিয়ে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, গাড়ি, কম্পিউটার ক্রয়সহ আনুষঙ্গিক ব্যয় বন্ধ করা হয়েছে। চলতি (২০২৫-২৬) অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয় সাশ্রয়ে কাটছাঁট করে আজ রোববার (৫ এপ্রিল) এ বিষয়ে একটি জরুরি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
সব সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে জানিয়ে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়, এখন থেকে সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া সরকারি কর্মকর্তাদের জন্য সব ধরনের যানবাহন (মোটরযান, জলযান ও আকাশযান) ক্রয় স্থগিত করা হয়েছে। এমনকি সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ের জন্য যে সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণ দেওয়া হতো, তাও আপাতত বন্ধ থাকবে। পরিচালন বাজেটের আওতায় নতুন করে ভূমি অধিগ্রহণ এবং নতুন কম্পিউটার বা আনুষঙ্গিক সরঞ্জাম কেনাকাটার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরিপত্রে কিছু খাতে বরাদ্দের মাত্র ৫০ শতাংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে যেসব বিষয় রাখা হয়েছে সেগুলো হচ্ছে- আপ্যায়ন ব্যয়- সরকারি দপ্তরের আপ্যায়ন খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ অর্ধেক ব্যয় করা যাবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ- মন্ত্রণালয় বা বিভাগ পরিচালিত অভ্যন্তরীণ প্রশিক্ষণে বরাদ্দের ৫০ শতাংশ খরচ করা যাবে, তবে সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো এই নিয়মের বাইরে থাকবে।
আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণে বরাদ্দের ৫০ শতাংশ ব্যয় করা যাবে। তবে প্রকল্পের কাজ যদি ইতোমধ্যে ৭০ শতাংশের বেশি হয়ে থাকে, তবে বিশেষ অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় অর্থ ব্যয় করা সম্ভব হবে। কার্যালয়ের অভ্যন্তরীণ শোভাবর্ধন কাজেও অর্ধেক অর্থ ব্যয়ের সীমা বেঁধে দেওয়া হয়েছে। জ্বালানি সংকটের ঝুঁকি এড়াতে বিদ্যুৎ, গ্যাস, পেট্রোল ও লুব্রিকেন্ট খাতে বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে স্পষ্ট করে বলা হয়, এই নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত কোনো ব্যয় করলে ভবিষ্যতে তার বকেয়া দাবি কোনোভাবেই গ্রহণ করা হবে না। এছাড়া সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রেও ৭০ শতাংশের বেশি খরচ না করার নির্দেশ দেওয়া হয়েছে।