প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ কায়েমে ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বস্ত্র প্রতিমন্ত্রী বলেন, লাখো শহীদের আত্মত্যাগ আর নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবিক রাষ্ট্র গঠনে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি।
কুলিয়ারচর থানার মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
এর আগে প্রতিমন্ত্রী শহরের থানা রোড এলাকায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন এবং তাদের হাতে উপহার তুলে দেন।