সমাবেশ ঘিরে ছিনতাইয়ের পরিকল্পনা, আটক ১০

সিলেটে প্রধানমন্ত্রীর সমাবেশে আসা লোকজনের কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১০ জনকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গত শনিবার বিকেলে ও সন্ধ্যায় সিলেট স্টেডিয়াম এলাকা এবং আম্বরখানার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আজ রোববার র‌্যাব ৯-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন কমান্ডিং অফিসার উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, জেলা স্টেডিয়াম এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিল। তখন সেখানে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ছিল। পরে সেখানে অভিযান চালালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে তাদের ঘিরে ফেলে পাঁচজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা পয়েন্টের একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরও জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছয়টি ছুরি, ব্লেড এবং ছিনতাই করা দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের নন্দীপাড়া এলাকার মো. রনি (২৪), একই এলাকার মো. রাসেল (২৮), বন্দর থানার চন্দিতলা কবরস্থানপট্টির শাহাজালাল বেপারী (২৯), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মারুরারচকের মো. অপু (৩২), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদখানির মো. আজিজুর রহমান (২৪), নারায়ণগঞ্জের নন্দীপাড়ার আবু বকর (২৪), একই এলাকার মো. জিহাদ হোসেন (২৮), কাশিপুর এলাকার মো. নুর ইসলাম (৪০), নন্দীপাড়া (দেবক আখড়া) এলাকার মো. সিয়াম হোসেন (২১) এবং দেওভোগ ভূইয়ারবাগ এলাকার মো. নাজমুল ইসলাম (২৬)।

সংবাদ সম্মেলনে র‌্যাব দাবি, আটক ব্যক্তিদের বেশিরভাগই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং তারা আন্তজেলা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *