সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ও রফিকুল ইসলামকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২৭ মার্চ) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক মডেল বৃষ্টিতে দুই দিন এবং রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন।
নথি থেকে জানা গেছে, গত ২৬ মার্চ দুপুরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবির প্লেকার্ড ব্যবহার করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ দুজনকে আটক করে এবং এ ঘটনায় মামলা করা হয়।