সখিপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে ট্রাকচাপায় ইসরাত জাহান আঁখি (২২) ও তাঁর কোলে থাকা এক বছর বয়সী সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত ইসরাত জাহান আঁখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী। তিনি তার এক বছর বয়সী শিশু সন্তান নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সখিপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন।

‎‎নিহত আঁখির পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বাসাইলের আদাবাড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সখিপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন তিনি। সিএনজিচালিত অটোরিকশাটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত আখির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‎এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, গৃহবধূ ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *