সংসদের অধিবেশন চলাকালে বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ সংসদ সদস্যের খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার নির্দেশনা দেন।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনের কার্যক্রম চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কয়েক মিনিট আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অধিবেশনে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলামসহ অন্য হুইপরা উপস্থিত ছিলেন।
এর আগে আজ প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা সময় অসুস্থ হয়ে পড়লে স্পিকার তার চিকিৎসার বিষয়ে গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় বগুড়া-৫ আসন গোলাম মোহাম্মদ সিরাজকে থামিয়ে দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেন, সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। সংসদ সদস্য রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার রয়েছেন, আমরা পাঠাচ্ছি।