লালিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকার মিশনে বড় এক ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারিয়েছে আলভারো আরবেলোয়ার দল। পুরো ম্যাচে রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন অতিমানবীয় সব সেভ করে দলকে বারবার বাঁচালেও একদম অন্তিম সময়ের আক্রমণ আর ঠেকাতে পারেননি তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) দিনগত রাতে বেতিসের মাঠে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র রিয়ালকে এগিয়ে নিলেও যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে সমতায় ফেরায় স্বাগতিক বেতিস।
এই ড্রয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। অন্যদিকে, এক ম্যাচ কম খেলেই ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে আছে বার্সেলোনা। বেতিস ৩৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। রিয়ালের জার্সিতে শততম ম্যাচ খেলতে নামা কিলিয়ান এমবাপ্পে আজ ভাগ্যের সহায়তা পাননি। ম্যাচের ১৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল উড়িয়ে মারেন এই ফরাসি তারকা।
তবে রিয়ালকে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। ম্যাচের ১৬তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের দূরপাল্লার শট বেতিস গোলরক্ষক পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি, ফিরতি বল পেয়ে জাল কাঁপান ভিনিসিয়াস জুনিয়র। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে রিয়াল বেতিস। কিন্তু রিয়াল মাদ্রিদের পোস্টের নিচে যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আন্দ্রে লুনিন। ইউক্রেনের এই গোলরক্ষক অন্তত চারটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।
ম্যাচের ৫৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পাস থেকে এমবাপ্পে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
ম্যাচ যখন রিয়ালের পকেটে যাওয়ার অপেক্ষায়, ঠিক তখনই দৃশ্যপট বদলে যায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটের মাথায় বেতিসের বক্সের ভেতর জটলা থেকে জোরাল শটে বল জালে জড়ান এক্তর বেইয়েরিন। গ্যালারিতে তখন উৎসবের জোয়ার, আর রিয়াল শিবিরে নেমে আসে স্তব্ধতা। ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ জায়ান্টদের।