শেরপুরে বাস ও তিন ট্রাকের সংঘর্ষে আহত ১৫

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি খালি ট্রাক মহাসড়কে ইউ-টার্ন নিচ্ছিল। এ সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই ‘রিজভী পরিবহণ’ নামের একটি ট্রাক সেটিকে এড়ানোর চেষ্টা করলে পেছন থেকে আসা ‘সবুরা পরিবহণ’ নামের অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ঢাকাগামী ‘এসআই পরিবহণ’র একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে চার যানের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয় এবং রিজভী পরিবহণের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে দেখি একের পর এক গাড়ি ধাক্কা খাচ্ছে। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মোজাফফর হোসেন জানান, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল এবং তারা দ্রুত আহতদের অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করেন।

এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *