শেরপুর জেলা সদর হাসপাতালের বহুল প্রতীক্ষিত নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গতকাল রোববার (১৪ জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আইসিইউ ইউনিটের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় হাসপাতালের নবম তলায় ফিতা কেটে ১০ শয্যার এই আধুনিক ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা এবং জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী করোনাকালীন সংকটের সময়ে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে এই আইসিইউ ইউনিটের ভবন নির্মাণ ও প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে তীব্র জনবল ও লোকবল সংকটের কারণে প্রয়োজনীয় সব সুবিধা থাকা সত্ত্বেও ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। ফলে জরুরি ও মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করতে হতো, যা ছিল ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ।
অবশেষে দীর্ঘদিন অচল থাকার পর ১০ শয্যার এই আধুনিক আইসিইউ ইউনিটটি চালু হওয়ায় শেরপুর অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের উন্মোচন হলো। এখন থেকে স্থানীয় পর্যায়েই জটিল রোগীদের জরুরি নিবিড় চিকিৎসাসেবা প্রদান সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন জেলাবাসী ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা।