‘শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে মাইকিং, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ মাইকিং করে প্রচার করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের নেতা।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২নং কাশোপাড়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি। অপরজন হলেন আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের বাসিন্দা।  

এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকায় খোলা মাঠের রাস্তায় ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’—এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং করার ভিডিও আপলোড করে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওই ভিডিওটি নজরে আসা মাত্র জেলা পুলিশ কাজ শুরু করে এবং এরই ধারাবাহিকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতেই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

এসপি তারিকুল ইসলাম আরও বলেন, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করবে জেলা পুলিশ। কাজেই মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় ওই ভিডিওতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে। এই ভিডিও ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের মাঝে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *