শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা : বিচার দাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার এবং নারী-শিশুর প্রতি চলমান সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

আজ শুক্রবার (২২ মে) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে সংগঠনটির নেত্রীরা রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি থেকে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান তাঁরা।

মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে ধর্ষক ও খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকর করা, নারী ও শিশু নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং এ ধরনের মামলায় প্রশাসনের কোনো কর্মকর্তার গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

এ ছাড়া নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে কয়েকটি প্রস্তাবও তুলে ধরে সংগঠনটি। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও অশ্লীল ওয়েবসাইট বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে নৈতিক শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালু করা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা।

মানববন্ধনে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সুখীমন খাতুন, ডা. খাদিজা বিনতে ইসলাম, সালসাবিলা সায়মা, রাইসা রিফাত জুইন, ইকরা কবীর নূর ও মহানগরী দক্ষিণের সভানেত্রী মারুফা তাবাসসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *