শিবচরে ট্রেনের ধাক্কায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরন বেগম (৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকরন বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার মো. মোকশেদ হাওলাদারের স্ত্রী। তিনি গতকাল শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে মাদবরেরচর ইউনিয়ন মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিবচর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে নিহতের পরিচয় শনাক্ত করেন।

স্বজনরা জানান, শুকরন বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গতকাল দুপুরবেলা তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে ট্রেনের ধাক্কায় তার মৃত্যুর খবর আসে। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত কোনো একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং গতকাল থেকে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *