শরীয়তপুরে পদ্মার ভয়াবহ ভাঙনে তীর রক্ষা বাঁধের ৫০ মিটার নদীগর্ভে বিলীন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে নবনির্মিত ও সংস্কারকৃত তীর রক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাঙনের হাত থেকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাজারের অন্তত ২০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই নড়িয়া এলাকায় পদ্মা নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র স্রোতের ঘূর্ণিতে ফাটল বড় হতে থাকে। 

অবশেষে সন্ধ্যার দিকে বাঁধের প্রায় ৫০ মিটার অংশ বিশাল চাপ নিয়ে হঠাৎ করেই নদীগর্ভে ধসে পড়ে। বাঁধ ভেঙে যাওয়ায় আশপাশের বহু বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন নদীগর্ভে বিলীন হওয়ার মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে খবর পেয়ে ভাঙন ঠেকাতে তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধারমূলক কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ধসে যাওয়া অংশে ভাঙনের তীব্রতা রোধ করতে দ্রুতগতিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ পরিচালনা করা হচ্ছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করতে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। তারা জানান, ভাঙন আরও যেন বিস্তার লাভ করতে না পারে সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং স্থায়ীভাবে ধস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *