লাউয়াছড়ায় ঝড়ে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের লাউয়াছড়া বনের ভেতরে ঝড়ে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা পর গাছ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় কয়েকজন চালক জানান, প্রাকৃতিকভাবে গাছটি পড়লেও তা দ্রুত সরাতে না পারায় দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়েছে।

ঢাকা থেকে আগত পর্যটক ফরিদ আহমদ জানান, তিনি দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সড়কে আটকা ছিলেন। বিকেল ৫টায় ঢাকাগামী ট্রেনে যাত্রার জন্য তিনি পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ ২০টি টিকিট কিনেছিলেন। কিন্তু যানজটের কারণে ট্রেন মিস হওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখন সড়কপথে ঢাকায় ফিরতে গেলে আরও ভোগান্তির আশঙ্কা রয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ফারুকুল ইসলাম বলেন, মৌলভীবাজার বন বিভাগের কাছ থেকে গাছ পড়ে সড়ক বন্ধ হওয়ার খবর পেয়ে তারা দুপুর ২টা ৩০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গাছ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *