লং মার্চের ৭ দফা কোটি মানুষের প্রাণের দাবি : মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ১১ দলের ৭ দফা দাবি নির্দিষ্ট কোনো দলের নয় বা ১১ দলের দাবি নয়, এটি এদেশের সকল শ্রেণি-পেশার মানুষের প্রাণের দাবি। সরকার সংবিধান সংশোধনের নামে জনগণের সাথে প্রতারণা করছে। হাজারও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে আমরা সংবিধানের সংশোধন নয়, সংস্কার চাই।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার ঐতিহাসিক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ৩১ অক্টোবরের ১১ দলীয় ঐক্যের লং মার্চের প্রস্তুতি সভা ও সমাপনী সমাবেশের মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের মোবারক হোসাইন এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, দেশজুড়ে পরিচালিত লংমার্চের ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এসে এই কর্মসূচির সমাপনী সমাবেশ হবে। এটি নিছক কোনো জনসভা হবে না, কুষ্টিয়াবাসীর অংশগ্রহণে এটি জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে মোবারক হোসাইন বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল এবং বর্তমান প্রধানমন্ত্রীও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সংবিধান সংস্কারের সেই অঙ্গীকার ভুলে গেছে। আমরা বিশ্বাস করি, জনগণের এই সাত দফা দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে।

মাঠ পরিদর্শনকালে যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য জনাব আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হকসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *