ফুটবল মাঠে তারকাদের লড়াই যেমন আলোচনার জন্ম দেয়, তেমনি মাঠের বাইরের কিছু সিদ্ধান্তও তৈরি করে বিতর্ক। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করা ক্রিশ্চিয়ানো রোনালদোও এবার পড়েছেন সমালোচনার মুখে। পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েন রুনি এবার নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন রোনালদো। পরে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পর্তুগাল অধিনায়ক দাবি করেন, কোচ তার সঙ্গে দুবার করা প্রতিশ্রুতি রক্ষা করেননি। একই সঙ্গে জাতীয় দলের সতীর্থ ও দেশবাসীর কাছে ক্ষমাও চান তিনি। তবে পুরো বিষয়টি যেভাবে সামলেছেন রোনালদো, তা মোটেও ভালোভাবে নেননি রুনি।
সাবেক এই ম্যানইউ ফরোয়ার্ডের মতে, রোনালদোর সিদ্ধান্ত ও পরবর্তী বক্তব্য ছিল ভুলে ভরা। ‘স্টিক টু ইউনাইটেড’-এর সঙ্গে আলাপকালে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, রোনালদো নিঃসন্দেহে একজন অসাধারণ ফুটবলার। কিন্তু জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ধরন এবং এ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
রুনি বলেন, ‘রোনালদোকে নিয়ে আমার মতামত ছিল, কেন? আমি যদি সত্যি বলি, সে একজন সেরা খেলোয়াড়। তার জন্য ওভাবে পর্তুগালের ট্রেনিং ক্যাম্প ছাড়া এবং বক্তব্য দেওয়া, আমার দৃষ্টিতে সবদিক থেকে এটি ভুল ছিল।’
রোনালদোর আচরণ নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই তারকা। তার মতে, বিষয়টি শুধু কোচের সঙ্গে মতবিরোধের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং কোচিং স্টাফ, সতীর্থ এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রতিও অসম্মান দেখিয়েছেন রোনালদো।
রুনির ভাষায়, ‘কোচ ও সতীর্থদের যেভাবে সে অবজ্ঞা করেছে, সেটা ছিল মারাত্মক ভুল। সে পর্তুগিজ ফুটবল ফেডারেশনকেও অবজ্ঞা করেছে। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে সবকিছু ছিল ভুল।’
রোনালদোর এমন আচরণে হতাশা লুকাননি তার সাবেক সতীর্থ। রুনির মতে, ক্যারিয়ারের একটা পর্যায়ে প্রত্যেক ফুটবলারকেই আন্তর্জাতিক ফুটবল কিংবা পেশাদার খেলা থেকে বিদায় নেওয়ার বাস্তবতা মেনে নিতে হয়। কিন্তু সেই সময়টাকে কীভাবে সামলানো হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে রুনি বলেন, ‘এটা লজ্জার। প্রত্যেক খেলোয়াড় এমন একটা জায়গায় পৌঁছায় যখন তাকে আন্তর্জাতিক ফুটবল ছাড়তে হয়, অবসর নিতে হয় খেলা থেকে। এটা সবার ক্ষেত্রে হয়। দুর্ভাগ্যবশত সে এটা ভালোভাবে সামলাতে পারেনি। এটা দেখা ছিল বিব্রতকর।’
রুনির এই মন্তব্যে স্পষ্ট, রোনালদোর ফুটবলীয় সামর্থ্য নিয়ে তার কোনো প্রশ্ন নেই। তবে মাঠের বাইরের আচরণ এবং জাতীয় দলের সংকট মোকাবিলার পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে তার। দুই সাবেক সতীর্থের সম্পর্কের অতীত বিবেচনায়, রুনির এই সমালোচনা ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।