নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের কাছ থেকে কৌশলে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির চেষ্টার অভিযোগে চার নারীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।
দণ্ডপ্রাপ্ত চার নারী হলেন—হবিগঞ্জ জেলার মাধবপুর থানার একতাপুর এলাকার মর্তুজা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধর্মগঞ্জ এলাকার রুনা বেগম এবং একই থানার বীর মণ্ডল এলাকার শাহনাজ বেগম ও বুশরা বেগম। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার একটি পরিত্যক্ত স্থানে বসবাস করে আসছিলেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের পকেট ও ব্যাগ থেকে প্রায়ই কৌশলে টাকা-পয়সা এবং মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে হাসপাতালের ভেতরে রোগীদের কাছ থেকে চুরির চেষ্টা করার সময় উপস্থিত লোকজন ও রোগীদের স্বজনেরা ওই চার নারীকে হাতেনাতে আটক করেন। পরে তাঁদের থানাপুলিশের কাছে সোপর্দ করা হয়।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, আটক নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চুরি ও মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরে পুলিশ আটক চার নারীকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত অপরাধ আমলে নিয়ে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর পুলিশি নিরাপত্তায় তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।