নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ এ ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার মিশন টি-টোয়েন্টির। আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে কিউই শিবিরে যোগ দিয়েছেন ইশ সোধি।
আজ শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোধি। সেখানে অনেকটা সময়ই ব্যায় করলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসনকে নিয়ে। টাইগার লেগস্পিনারের প্রশংসায় পঞ্চমুখ সোধি।
সোধি বলেন, ‘রিশাদের সাথে আমার কথা হয়েছে কয়েকবার। ক্রিকেট নিয়ে কথা হয়েছে এমন নয়। তবে সিরিজ চলাকালে আমাদের নানা কিছু নিয়েই কথা হয়েছে। সে কীভাবে খেলছে, এই কন্ডিশনে কীভাবে ভালো করতে হবে এসব নিয়ে ধারণা নিয়েছি। সে খুব মেধাবী বোলার। দিনকে দিন ভালো করছে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে দারুণ এক সূচনা পেয়েছে।’
সাধারণত এশিয়ান কন্ডিশনে স্পিন অনেক ভালো হয়। উইকেটের সহায়তাও থাকে এই অঞ্চলে। তবে রিশাদ নিজের বোলিং নৈপূণ্য দেখিয়ে এসেছেন এশিয়ার বাইরেও। অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ খেলতে গিয়ে নিজের জাত চিনিয়ে এসেছেন তিনি। সোধি বললেন, দীর্ঘদিন ধরে রিশাদের মতো বোলার এই অঞ্চলে দেখেননি তিনি।
কিউই স্পিনার সোধি বলেন, ‘সে খুব খুব ভালো করছে। সে অস্ট্রেলিয়ায় অনেক ভালো বল করেছে বিগ ব্যাশে। সে বৈচিত্র্যময় লেগ স্পিনার। সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা লো অ্যান্ড স্কিডি থাকে। তবে সে ট্র্যাডিশনাল। অনেক বাউন্স আদায় করে নিতে পারে। সে এমন একজন বোলার যে ধরনের বোলার এই অঞ্চল থেকে দীর্ঘদিন আমরা দেখিনি।’
এর আগে সোধি বাংলাদেশ সফরে এসেছিল ২০১৩ সালে। এবার অবশ্য নিউজিল্যান্ডের সেই দলের কোনো ক্রিকেটারই নেই। বাংলাদেশ দলেও পরিবর্তন এসেছে অনেক। তাই এটাকে ভিন্ন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
সোধি বলেন, ‘বাংলাদেশে যখন প্রথম এসেছিলাম, ২০১৩ সালে। পুরো ভিন্ন দল ছিল। এখন অনেকেই নতুন এসেছে। বাংলাদেশ এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। তবে ২০১৩ সালের দলের কেউই এখন নেই। তাই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
নিউজিল্যান্ড এবার বাংলাদেশ সফরে এসেছে মূল দলের অনেক ক্রিকেটারকে ছাড়াই। বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাদের এখনও জাতীয় দলে অভিষেকই হয়নি। সোধির ভাষ্য এটাই খেলার সৌন্দর্য।
সোধি বলেন, ‘অনেকে হয়ত দলে আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট এখনও খেলেনি। তবে এটাই খেলাধুলার সৌন্দর্য। পরিবর্তন হতে থাকবেই। বাংলাদেশ এই কন্ডিশনে সবসময় চ্যালেঞ্জিং দল। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।’