রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থেকেছেন। রাষ্ট্রপতি নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসন’ আখ্যা দিয়ে তিনি ভোট না দেওয়ার পক্ষে তিনটি কারণ তুলে ধরেছেন।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে কোনো অনিশ্চয়তা না থাকলে সেটাকে প্রকৃত নির্বাচন বলা যায় না। এই ভোটের ফলাফল আগেই নির্ধারিত। তাই এটাকে নির্বাচন না বলে একধরনের মনোনয়ন বলা চলে।

ভোট না দেওয়ার দ্বিতীয় কারণ হিসেবে রুমিন ফারহানা বলেন, একটি বড় গণঅভ্যুত্থানের পর জাতির অনেক স্বপ্ন ও আত্মত্যাগ জড়িয়ে ছিল। এমন পরিস্থিতিতে সবাই মিলে একজন অরাজনৈতিক ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নেওয়ার সুযোগ ছিল।

তৃতীয় ও নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি তুলে ধরে রুমিন ফারহানা আরও বলেন, ভোটের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়ায় অংশ নেওয়াকে তিনি ‘প্রহসন’ ছাড়া আর কিছু মনে করেন না।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, যেসব নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকে, সেখানে ভোট দেওয়ার কোনো গণতান্ত্রিক যৌক্তিকতা আমি দেখি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *