রাজবাড়ীর বিটুমিন কারখানার দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি বিটুমিন উৎপাদন কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শ্রমিকরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪) এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুণ্ডার ছেলে শাওন মুণ্ডা (১৮)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, গতকাল রোববার (২৮ জুন) দিনগত রাত আড়াইটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সোহেল রানার মৃত্যু হয়। আজ সোমবার সকাল ৯টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন মুণ্ডা। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। দাফন সম্পন্ন করে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা।

এর আগে গত ২৫ জুন সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকায় অবস্থিত ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামে একটি কারখানায় পুরোনো টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদনের সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন দুই শ্রমিক।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জিারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী শাওন মুণ্ডার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং সোহেল রানার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, কারখানাটি থেকে নির্গত ধোঁয়ার কারণে দীর্ঘদিন ধরে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয়রা। তবে পরিবেশগত অনুমোদন ও স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *