রাজবাড়ীতে বাগান থেকে নিখোঁজ ২ সন্তানের জননীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকা থেকে রাবেয়া খাতুন (প্রায় ৩০) নামে দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত রাবেয়া খাতুন পাংশা উপজেলার নারানপুর পূর্ব রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, দুদিন ধরে রাবেয়া নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে তার বড় বোন পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ বুধবার বিকেলে স্বর্ণগড়া ঠাকুরের বাগানে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ জানান, প্রাথমিকভাবে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

নিহত রাবেয়ার স্বজনদের অভিযোগ, রাবেয়াকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। মরদেহের একটি চোখের ওপরও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *