রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই, কোনো প্রতিহিংসাও থাকতে পারে না। রাজনীতি শুধু জনগণের কল্যাণের জন্য।

বুধবার (১৮ মার্চ) রাঙ্গামাটি কলেজ গেট সংলগ্ন মোটেল জর্জ অডিটোরিয়ামে ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে মানবিক সাহায্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

দীপেন দেওয়ান বলেন, ‘আমরা যারা রাজনীতিতে জড়িত আছি, তাদেরকে জনগণের কল্যাণের জন্যই নিবেদিত থাকতে হয়। রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই, কোনো প্রতিহিংসাও থাকতে পারে না। রাজনীতি শুধু জনগণের কল্যাণের জন্য।’

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই জনকল্যাণে নিবেদিত থাকেন এবং আমাদেরকেও একই নির্দেশ দিয়েছেন।

স্বেচ্ছাসেবী ও সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে দীপেন দেওয়ান বলেন, ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে।

মানবিক ফান্ড রাঙ্গামাটির সভাপতি ইদ্রিছ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবিক ফান্ড রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *