রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতার মরতুজাবাদ এলাকায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জের মরতুজাবাদ। এটি ছিল একটি মৃদু ভূমিকম্প।
ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রেখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাধবদী এলাকায়।
গত ১২ জুন ময়মনসিংহ ও সিলেটসহ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এ ছাড়া ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটের দিকে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর আগে ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। এর উৎপত্তিস্থল ছিল ভুটানে।