ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৪৪, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৫৫, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৫৬, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ৫৯ ও গোয়েন্দা বিভাগ ৯ জন রয়েছেন।
অভিযানকালে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুইটি সিপিইউ, দুইটি ট্যাব, ৫৫টি সিমকার্ড, নগদ দুই লাখ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন, ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।