রাজধানীতে অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাইফুল ইসলাম (৬০), মো. অপু আহমেদ সরকার (৩৮), মো. সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মন্টু ব্যাপারী ওরফে মিন্টু ব্যাপারী ওরফে মিটু (৫২), মো. মকবুল খন্দকার (৫৫) ও মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)। 

ডিএমপির উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ বুধবার (৬ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে হামদর্দ ল্যাবরেটরীজ-এর লোগো সম্বলিত একটি প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো কালো রঙের হালুয়াসদৃশ চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় রক্ষিত চেতনানাশক হালুয়া, চেতনানাশক ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবি মতিঝিল বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ী থানাধীন ধোলাই পাড় চত্তরের উত্তর-পশ্চিম পার্শ্ব টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করে মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃদরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *