রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

মেয়েকে নতুন জামা-মেহেদি দেওয়া হলো না বাদশার

মেয়েকে নতুন জামা আর মেহেদি দেওয়া হলো না বাদশা মিয়ার। আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে যমুনা সেতু সংযোগ সড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন বাদশাসহ মোট ১৫ জন।

স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী সাবিনা খাতুন। একমাত্র মেয়ে রাহী মনিকে নিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। 

কান্নাজড়িত কণ্ঠে সাবিনা খাতুন বলেন, বাড়ি ফেরার পথে স্বামীর সঙ্গে কয়েকবার কথা হয়েছে। মেয়ের জন্য নতুন জামা আর মেহেদি কেনার কথাও বলেছিল। রাত ১০টার দিকে শেষ কথা হয়। সকালে তার মৃত্যুর খবর পাই।

নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভরশো ইউনিয়নের নয় বন্ধু রয়েছেন। এক ইউনিয়নেই এতজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন–মোহাম্মদ তারেক, মো. আব্দুল বারেক, মোহাম্মদ বাদশা, মো. সোহাগ হোসেন, মোহাম্মদ রবিউল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ মইনুর ইসলাম, মোহাম্মদ মাইনুল, মোহাম্মদ গিয়াস ও সারিকুল ইসলাম।

রাজেন্দ্রবাটি গ্রামের ফিরোজ হোসেন বলেন, ঈদের সময় বাসে বাড়ি ফিরতে জনপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা গুনতে হয়। অতিরিক্ত ভাড়া এড়াতে অনেকেই পণ্যবাহী ট্রাকে যাতায়াত করেন। নিহতরাও একইভাবে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

নিহত তারেকের বাবা সুলতান হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঈদের ছুটিতে বন্ধুবান্ধব মিলে সবাই একসঙ্গে বাড়ি আসছিল। বাসে ১৮০০ টাকা ভাড়া বেশি চাচ্ছিল, তাই একটু টাকা বাঁচাতে সবাই মিলে ট্রাকে উঠেছিল। ফেনী থেকে তারা ট্রাকে যাত্রা শুরু করে। কিন্তু এই সামান্য টাকার জন্য তাদের সব শেষ হয়ে গেল।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকতার জাহান সাথী বলেন, টাঙ্গাইল থেকে নওগাঁয় মরদেহ নিয়ে আসার জন্য নওগাঁ জেলা প্রশাসন, মান্দা উপজেলা প্রশাসন এবং টাঙ্গাইল জেলা প্রশাসন যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। তারা সরকারি খরচে এই মরদেহগুলো নিয়ে আসা, দাফনসহ সার্বিক বিষয়ে প্রশাসন সহযোগিতা করছেন। এছাড়া নিহতদের পরিবারকে শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। 

আকতার জাহান সাথী আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো টাঙ্গাইল থেকে নওগাঁ আনতে মধ্যরাত হয়ে যেতে পারে। তিনি বলেন, নিহতদের পরিবার ও গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের সকল মরদেহ একসঙ্গে জানাজা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *