যুক্তরাষ্ট্রের অ্যালাস্কা অঙ্গরাজ্যের একটি দুর্গম মার্কিন বিমানঘাঁটির কাছে বেসামরিক চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কেপ নিউয়েনহ্যাম এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানটিতে মার্কিন বিমানবাহিনীর একটি দূরপাল্লার রাডার স্টেশন ও বিমানবন্দর অবস্থিত। বিমানটি অ্যাঙ্করেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে কেপ নিউয়েনহ্যামের উদ্দেশে রওনা হয়েছিল, যা আকাশপথে প্রায় ৭২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
মার্কিন আর্মি কোর অব ইঞ্জিনিয়ার্স (ইউএসএসিই) নিশ্চিত করেছে, তাদের দুজন বেসামরিক কর্মকর্তা দুর্ঘটনাকবলিত বিমানটিতে ছিলেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে দুজন পাইলট এবং ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই চালানো উদ্ধার অভিযানে কোনো জীবিত আরোহীকে পাওয়া যায়নি।
অ্যালাস্কা বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মার্কিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) বিমানটিকে ‘সেসনা ৪৪১’ মডেলের বলে শনাক্ত করেছে। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান এবং তদন্তে নেমেছে এনটিএসবি ও এফএএ।