যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। এএফপি জানিয়েছে, দুই পক্ষ সম্মত হলে জেনেভায় এই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করতে প্রস্তুত রয়েছে সুইস সরকার।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে জানিয়েছে, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের স্থান হিসেবে তারা সুইজারল্যান্ডের প্রস্তাব দিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার প্রচেষ্টাকে সমর্থন দিচ্ছে সুইজারল্যান্ড। এই সমঝোতার লক্ষ্য হবে বিদ্যমান যুদ্ধবিরতিকে আরও সুসংহত করা এবং দুই দেশের চলমান সংঘাতের প্রেক্ষাপটে উত্তেজনা কমানোর পথ তৈরি করা।
এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, আগামী রোববার অথবা ফ্রান্সে শুরু হতে যাওয়া জি-৭ শীর্ষ সম্মেলনের সময় জেনেভায় সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি রয়টার্সকে বলেন, ইরানের ভেতরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের আগে সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় বা স্থান সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সম্ভাব্য এই সমঝোতা স্মারক সরাসরি চূড়ান্ত শান্তিচুক্তি নয়; বরং যুদ্ধবিরতি স্থিতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক আলোচনার ভিত্তি তৈরির একটি কাঠামো হতে পারে।
ফলে এখন আন্তর্জাতিক মহলের নজর জেনেভার দিকে, যেখানে আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যেতে পারে।