যশোর শহরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর শহরে আল-আমিন ওরফে পেরেক আলামিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক আইনে অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আল-আমিনকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। নিহত আল-আমিনের খালাতো ভাই হাসান মরদেহ শনাক্ত করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, আল-আমিন এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত অন্তত চারটি মামলা আছে।

থানা পুলিশের একাধিক দল ও গোয়েন্দা পুলিশ (ডিবি) হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যাকারীদের আটকে কাজ করছে বলেও জানান ওসি।

স্থানীয়রা জানায়, আল-আমিন অতীতে মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও সম্প্রতি সে পথ ছেড়ে দিচ্ছিলেন। পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *