রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুদকের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। তিনি দূদকের অনুসন্ধান ও তদন্ত শাখা-২ এর মহাপরিচালক হিসেবে কর্মরত।
দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা দুটি মোবাইল, টাকা ও ঘড়ি নিয়ে গেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা।
এ সময় তাকে মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার (৭ মার্চ) রাত ১১ টায় মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত ১১ টায় মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্ত্বর (নানক চত্ত্বর) দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে ধরে মারধর করে। তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুইটি মোবাইল ফোন,নগদ ১৫ হাজার টাকা ও হাতের দামী একটি ঘড়ি নিয়ে যায়।
এ ঘটনায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গতকাল রাত ১১ টায় মোহাম্মদপুরে দূদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত শাখা) ছিনতাই এর শিকার হয়েছে। আমরা এ ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতারে কাজ করছি। এ ঘটনায় ভূক্তভোগীর হয়ে আরেক সরকারী কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।