পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা-ঘাষিয়াখালী নৌ-চ্যানেলের ভাঙনরোধে পাইলিং বাঁধ নির্মাণ করা হবে। আজ রোববার (২৩ আগস্ট) বিকেলে বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকার ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল ও উপবিভাগীয় প্রকৌশলী মিরাজ মোল্লা।
প্রতিমন্ত্রী বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলের রামপাল অংশের রমজাইপুর গ্রামের অনেকাংশই ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এখনই এ ভাঙন প্রতিরোধ করা প্রয়োজন। এ ভাঙন রোধ করতে গেলে এখানে পাইলিং বাঁধ নির্মাণ করতে হবে। এ এলাকা চলমান ড্রেজিংয়ের প্রভাবেও ভাঙছে। এ ছাড়া এটা আন্তর্জাতিক নৌ রুট, এ পথ দিয়ে প্রতিনিয়ত নৌযান (জাহাজ) চলাচল করছে। নৌযানের ঢেউ ও জোয়ার-ভাটার আঘাতে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। পাইলিং বাঁধ করা গেলে এ ভাঙন রোধ করা সম্ভব হবে। সাধারণ মানুষের বসবাসের নিরাপত্তায় এ ভাঙন রোধ করতে হবে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকরী ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তারাও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলের রামপাল অংশে ভাঙনের তীব্রতা তুলনামূলক বেশি। তবে ভাঙন রয়েছে মোংলার অংশেও। বর্তমানে চ্যানেলটির পাঁচ-ছয়টি পয়েন্টে ভাঙন চলছে। ইতোমধ্যে তিটি পয়েন্টে কাজ শুরু করা হয়েছে। আর বড় ভাঙনের জায়গার বিষয়ে নতুন করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।