বিশ্বকাপ সামনে রেখে লিওনেল মেসির ফিটনেস এখন অন্যতম আলোচনার বিষয়। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির দুশ্চিন্তা শুধু ইন্টার মায়ামি তারকাকে ঘিরেই নয়, চূড়ান্ত দল ঘোষণার আগে আরও কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়েও ভাবতে হচ্ছে তাকে।
হ্যামস্ট্রিং সমস্যায় ভুগলেও মেসির ষষ্ঠ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই। তবে মঙ্গলবার ডি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্ক্যালোনি জানান, আর্জেন্টিনা অধিনায়ক পুরোপুরি ফিট অবস্থায় বুয়েনস আয়ার্সে দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন না।
স্কালোনি বলেছেন, ‘প্রাথমিক রিপোর্ট খুব একটা খারাপ নয়। এখন আমাদের অপেক্ষা করতে হবে, সে কীভাবে উন্নতি করে এবং পরবর্তী পরীক্ষার ফলাফল কী আসে, সেটি দেখার জন্য।’
গত রবিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের জয়ে ম্যাচের ৭৩ মিনিটে বদলি হন মেসি। পরে সোমবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে। আগামী কয়েক দিন তার অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে মাঠে ফেরার সময়সূচি।
স্ক্যালোনি বলেছেন, ‘আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধু সে নয়, আরও অনেক খেলোয়াড় এখনো চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে পারেনি। তাদের পুনর্বাসনই এখন আমাদের প্রধান অগ্রাধিকার, যাতে বিশ্বকাপে সেরা অবস্থায় নামতে পারে।’
আর্জেন্টিনা দলে চোটের সমস্যা আরও বড়। কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এবং অ্যাস্টন ভিলার তারকা এমিলিয়ানো মার্টিনেজ গত সপ্তাহে ইউরোপা লিগ ফাইনালের ওয়ার্ম-আপে ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন।
তবে এই চোট তাকে ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচ খেলতে বাধা দেয়নি। ‘দিবু’ নামে পরিচিত এই গোলরক্ষক ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন বলেই আশা করা হচ্ছে।
এদিকে, টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ডান হাঁটুর লিগামেন্ট ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে রয়েছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা এবং রিভার প্লেটের গনসালো মন্তিয়েল—স্কালোনির সম্ভাব্য দুই রাইট-ব্যাকের দুজনই মাংসপেশির চোটে ভুগছেন। এছাড়া কোমোর মিডফিল্ডার নিকো পাজ হাঁটুর চোটে সিরি আ’র শেষ ম্যাচ খেলতে পারেননি। অ্যাতলেতিকো উইঙ্গার নিকোলাস গনসালেসও মাংসপেশির চোট কাটিয়ে ওঠার শেষ ধাপে রয়েছেন।
স্ক্যালোনি জানান, ২ জুন ফিফার কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার আগ পর্যন্ত ইনজুরিতে থাকা সব খেলোয়াড়কে পর্যবেক্ষণে রাখা হবে। মেসিসহ বাকিদের কেউই বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলবেন না বলে ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বড় দল ঘোষণা করেছেন স্ক্যালোনি।
এসএন/পিডিকে