আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলটি করার পরই মেসি কান্নায় ভেঙে পড়েন। পরে কান্নার কারণ হিসেবে জানা যায় তার বাবা হোর্হে মেসির শারীরিক অসুস্থতার কথা। এমন সময়েই কি না আর্জেন্টিনার একটি টিভির এক উপস্থাপিকা হোর্হে মেসির মৃত্যুর গুজব ছড়িয়ে দিলেন।

শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন মেসির বাবা। ছবি: সংগৃহীত
লুসু টিভির এক অনুষ্ঠান চলাকালে উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা বলেন, ‘আমি খারাপ খবর দিতে চাই না, কিন্তু মেসির বাবা এইমাত্র মারা গেছেন।’ তিনি আরও ইঙ্গিত দেন যে, মেসি হয়তো বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরবেন।
তার এই দাবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর মেসি পরিবার একটি বিবৃতি দিয়ে জানায় যে হোর্হে মেসি মারা যাননি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং একটি স্বাস্থ্যগত সমস্যার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
পেনা মারাত্মক এই ভুলের দায় মাথায় নিয়ে লুসু টিভি থেকে পদত্যাগ করেছেন। পরে তিনি মেসি পরিবারের কাছে আবেগঘন ক্ষমা প্রার্থনা করেন। খবর দ্য টাইমসের।
পেনা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘মেসি পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি। আমি কল্পনাও করতে পারি না তারা কতটা কষ্টের মধ্য দিয়ে গেছেন। এই যন্ত্রণার বাহক হওয়ায় আমি গভীরভাবে লজ্জিত। সরাসরি সম্প্রচারের সময় অনুষ্ঠানটির প্রযোজনা দলের পক্ষ থেকে আমাকে এই তথ্য নিশ্চিত বলে জানানো হয়েছিল, আর আমি সেটি বিশ্বাস করেছিলাম। তবুও এই ভুলের অংশ হওয়ার দায় আমি স্বীকার করছি। তাই আমি লুসু থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আবারও আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি।’
আর্জেন্টিনার গণমাধ্যমের তথ্যমতে, এই ঘটনার পর প্রায় দশটি ব্র্যান্ড লুসুর সঙ্গে চুক্তি বাতিল করেছে। ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে চ্যানেলটি দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছিল। চ্যানেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে এক বিবৃতিতে জানায়, ‘সম্প্রচারের সময় ঘটে যাওয়া ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। যথাযথ যাচাই ছাড়া সংবেদনশীল তথ্য প্রচার করা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
এসএন/কে