রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
এর আগে, সকালে তার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে তার অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। অপারেশনে পরিবারের সদস্যদের সম্মতি নেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক।
তিনি জানান, বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরাও রয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী দোয়া চেয়েছেন বলে জানান ডা. রফিকুল ইসলাম।
এর আগে, গত বুধবার মির্জা আব্বাস ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।